ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোরবানির পশুর চামড়াবাহী গাড়ি গাবতলী থেকে বের হয়ে হেমায়েতপুর পর্যন্ত যেতে পারবে। এরপর ঢাকা জেলা পুলিশের চেক পোস্ট থাকবে। হেমায়েতপুর পার হয়ে চামড়া অন্য কোথাও যেন না যেতে পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে। 

গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুর রহমান এ তথ্য জানান। এর আগে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, বিপণন, সংরক্ষণ ও সরবরাহে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় অংশগ্রহণ করেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, ঢাকার বাইরের অর্থাৎ দেশের বিভিন্ন এলাকার চামড়া যেন পাচার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে জেলা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।