গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান ডিএসসিসির নতুন প্রশাসক।

বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম বলেন, ‘১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার কার্যত অকার্যকর ছিল। সবকিছু দলীয়করণ করা হয়েছিল ও প্রকৃত নির্বাচন হয়নি। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও দখলভিত্তিক ছিল।’

তিনি আরো বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়। প্রধানমন্ত্রী কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ‘জনগণের বঞ্চিত অধিকার দ্রুত নিশ্চিত করা, মশক নিধন কার্যক্রম জোরদার করা, নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বনায়ন কার্যক্রম বাড়ানো এবং নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’ তিনি জানান, এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে কাজ শুরু করবে ডিএসসিসি।