নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধে আসলাম সানি (৪৮) ও শফিকুল ইসলাম রনি (৩৫) নামের দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

গতকাল দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন তাদের আরেক ভাই রফিকুল ইসলাম। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যান। 

বিকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)  তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁচপুর এলাকার পাঁচপাড়ার ২ নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে  আসলাম সানী ওই এলাকার আতাউর রহমানের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করেন। এ জমিসহ পাশের আরো একটি জমি দাবি করেন তার চাচা মহিউদ্দিন, চাচাতো ভাই মোস্তফা, মামুন ও মারুফ। এ নিয়ে তিন ভাইয়ের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। তাদের জমির পাশ দিয়ে সরকারি অর্থায়নের ৩ লাখ ১১ হাজার ২৪১ টাকা ব্যয়ে এলজিএসপি-৩-এর আওতায় আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজ শুরু হয়। এ ড্রেন মহিউদ্দিনের জায়গার ওপর দিয়ে যাচ্ছে এমন দাবি করেন তারা। এ নিয়ে গতকাল দুপুরে চাচা মহিউদ্দিনের সঙ্গে আসলাম সানীর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে চাচাতো ভাই মোস্তফার নেতৃত্বে মামুন, মাফিজুল রহমান, মারুফসহ কয়েকজন চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আসলাম, রনি ও রফিকুলের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা তিন ভাইকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। আহতাবস্থায় বেলা আড়াইটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসলাম সানী ও শফিকুল ইসলাম রনিকে মৃত ঘোষণা করেন।