বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নির্বাচিত সরকারই পারে দেশের উন্নয়ন ও অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নির্বাচিত সরকার ওতপ্রোতভাবে জড়িত।’

গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব চর মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ্যানি বলেন, ‘গণতন্ত্রের ভিত যদি শক্তিশালী করতে হয়, শেখ হাসিনার বিচার যদি ত্বরান্বিত করতে হয় ও সংস্কার প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয়, তাহলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস দেশ ও জাতির প্রয়োজনে নির্বাচনকে খুব বেশি জরুরি প্রয়োজন মনে করেছেন বিধায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা বলেছেন। কিন্তু এ নিয়ে কোনো বিভক্তি রাখা যাবে না। এ বিভক্তির সুযোগ ফ্যাসিস্ট শেখ হাসিনা নেবেন। তাই এ সুযোগ দেয়া যাবে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজ উল্যাহ ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।