ফেনীতে দাঁড়িয়ে থাকা লরির পিছনে দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ফেনী-পরশুরাম সড়কের পুরাতন মুন্সিরহাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলগাজী উপজেলার পূর্বঘনিয়া মোড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০) এবং পরশুরামের মালিপাথর এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুর রহিম (৪০)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাতে ইঞ্জিনের সমস্যা হওয়ায় একটি লরি ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর মুন্সিরহাট বাজার সংলগ্ন স্থানে দাঁড় করানো হয়। রাত সাড়ে ১১ টার দিকে ফেনী থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশা পেছন থেকে ওই লরিতে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা সিএনজি চালকসহ ৩ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নিহত ২ যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।