রাজধানী ঢাকার বায়ুমান আজ কিছুটা ভালো অবস্থানে রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় এ সময় ঢাকার অবস্থান ছিল ১১তম। আর এ শহরের বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর এ সময় ছিল ৯৪। এ স্কোর নির্দেশ করে যে ঢাকার বাতাস বর্তমানে ‘সহনীয়’ বা ভালো মানের পর্যায়ে রয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আই কিউ এয়ারের রিয়েল টাইম তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

হালনাগাদ তথ্য বলছে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির স্কোর ২৪৭। অর্থাৎ সেখানকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কাঠমান্ডুর স্কোর ১৬৯, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৪৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের চেংদু।

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আলজেরিয়ার আলজিয়ার্স, পঞ্চম থাইল্যান্ডের চিয়াংমাই, ষষ্ঠ চীনের হাংজু, সপ্তম সংযুক্ত আরব আমিরাতের দুবাই, অষ্টম ভিয়েতনামের হ্যানয়, নবম ইথিওপিয়ার আদ্দিস আবাবা ও দশম স্থানে রয়েছে চীনের গুয়াংজু।

বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।