‎লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু আয়েশার পর বড় বোন সালমা আক্তার স্মৃতিও (১৭) মারা গেছে। ‎জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। রাত ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আগুনে দগ্ধ হয়ে বেলাল হোসেনের সাত বছরের মেয়ে আয়েশা আক্তার মারা যায়।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘুমিয়ে থাকা বেলালের মেয়ে আয়েশা আক্তার সানজু (৭) দগ্ধ হয়ে মারা যায়। দগ্ধ হন বেলাল ও তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বীথি (১৪)।

অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তবে পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে মব বা দুর্বৃত্তের হামলার প্রমাণ পাওয়া যায়নি।

বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্মৃতি ও বীথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বীথির ২ শতাংশ দগ্ধ হয়। হাসপাতালে ভর্তির পরদিনই চিকিৎসা শেষে বীথিকে ছেড়ে দেয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল।

এ ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছে। ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

‎অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।’