কুমিল্লার নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়নে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া গতিতে চলাচলে জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছে। কয়েক মাস ধরে একই রাস্তা দিয়ে অনবরত মাটি বহন করায় একদিকে যেমন রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে, তেমনি এলাকাবাসীও আতঙ্কে ভুগছে। বিশেষ করে শিশুদের নিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা। অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই রাস্তার খানাখন্দে পানি জমে ডোবায় পরিণত হয়। ফলে রাস্তায় তৈরি হয় মরণফাঁদ। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গত ৮ জানুয়ারি নাঙলকোটের বাঙ্গড্ডা লাকসামের রাস্তায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী।
এদিকে অনবরত মাটিবাহী ট্রাক্টর চলাচল করায় ধুলাবালিতে পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। সড়কের দুই পাশের ঘরবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সড়ক দিয়ে চলার সময় ট্রাক্টরের কারণে চোখ ও নাক-মুখে ধুলা চলে যায়।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ধুলাযুক্ত রাস্তায় চলাচলের কারণে শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এ ধুলাবালি নাক-মুখ দিয়ে শরীরে প্রবেশ করায় এলাকার অনেক মানুষ শ্বাসকষ্টে ভুগছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুল বলেন, বিষয়টি তার নজরে আছে। শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।










