বরিশালসহ
দক্ষিণাঞ্চলের ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেট আলাদা করার জন্য শেরেবাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে অ্যাফেরেসিস মেশিন চালু করা হয়েছে। প্রথমবারের মতো চালু হওয়া ওই মেশিন থেকে
জীবনরক্ষার বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবে ডেঙ্গু, ক্যান্সার, থ্যালাসেমিয়া ও আইটিপি আক্রান্ত
রোগীরা। গতকাল বেলা ১১টায় অ্যাফেরেসিস মেশিনটির কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘এর আগে এ হাসপাতালসহ দক্ষিণাঞ্চলের কোনো হাসপাতালেই রক্তের প্লাটিলেট আলাদাকরণ মেশিন ছিল না। ডেঙ্গু, ক্যান্সার, থ্যালাসেমিয়া ও আইটিপি রোগীদের রক্ত থেকে প্লাটিলেট আলাদা করার প্রয়োজন হয়। মেশিনটির অভাবে এখানকার রোগীদের রাজধানীতে পাঠানো হতো। মেশিনটির কার্যক্রম শুরু হওয়ায় এখন আর কোনো রোগীকে রাজধানীতে যেতে হবে না। সম্প্রতি মেশিনটি সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সরকারিভাবে সরবরাহ করা হয়েছে। স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলদা করে তা গ্রহণ করতে পারবে রোগীরা।’
রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের দায়িত্বে থাকা সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. নূরুন্নবী চৌধুরী তুহিনের সভাপতিত্বে অ্যাফেরেসিস মেশিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমরুল কায়েস, সার্জারি বহির্বিভাগের আবাসিক সার্জন ও আউটডোর ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সৌরভ সুতার, বহির্বিভাগের আবাসিক সার্জন ডা. চিরঞ্জীব সিনহা পলাশ ও ডা. মোস্তফা কামাল।










