তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম সমবায় মার্কেটে একটি মুঠোফোনের দোকানে হামলা, লুটপাট ও ব্যবসায়ীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি। 

গতকাল বেলা ১২টায় বাজারের ভেতরে মানববন্ধনের পর শহরের দাদামোড়ে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এ সময় দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। 

অবরোধকালে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী জালাল হোসেন লাইজু, সমবায় মার্কেটের ব্যবসায়ী মাসুম, ফিরোজ প্রমুখ।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে আকাশ আহম্মেদ (২৮) নামে এক ক্রেতা পান-সিগারেটের দোকানে ৫০০ টাকা দিয়ে ভাঙতি না পেয়ে সেই দোকানিকে মারধর করেন। এ সময় ফিরোজ টেলিকমের ব্যবসায়ী সাদ্দাম প্রতিবাদ করেন। পরে বিকাল ৫টার দিকে আকাশ ১৫/২০ জনের একটি দল নিয়ে ফিরোজ টেলিকমে হামলা চালিয়ে সাদ্দাম ও কর্মচারী সাগরকে মারধর করেন। 

এ ঘটনায় সাদ্দামের বড় ভাই ফিরোজ আহম্মেদ বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় আকাশ আহম্মেদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনের নামে একটি এজাহার দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার না করায় কুড়িগ্রাম বাজার সমিতির ব্যবসায়ীরা গতকাল দুপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাকারীর নামে থানায় অভিযোগ দেয়া হলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।