সফরে গতকাল দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন তিনি। প্রতিবেশী দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক অনেক কিছুই এসব বৈঠকে উঠে এসেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের শুভেচ্ছা সফরের দ্বিতীয় দিনে গতকাল দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে এস জয়শঙ্করের সঙ্গে তার ১ ঘণ্টার বেশি আলোচনা হয়। তারা নিজেদের প্রতিনিধিদের নিয়ে আলোচনার পাশাপাশি দুজন একান্তে কিছু সময় কথা বলেন। আলোচনায় জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে ভারত সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত ছিলেন।
বৈঠক প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট দেন ড. এস জয়শঙ্কর। সেখানে তিনি বলেন, ‘আজ (গতকাল) বিকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তার প্রতিনিধি দলকে আতিথেয়তা দিতে পেরে আনন্দিত। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলির বিষয়েও আমরা মতবিনিময় করেছি। ভবিষ্যতে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে আমরা একমত হয়েছি।’
এদিকে বৈঠক শেষে গতকাল একটি বিবৃতিও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারত্বকে আরো গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখার বিষয়ে একমত পোষণ করেছে। এর ধারাবাহিকতায় শিগগিরই অফিশিয়াল পর্যায়ের বৈঠকগুলো অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে মতবিনিময় করে।
বিবৃতিতে আরো বলা হয়, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও পৃথক বৈঠক করেন।
প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘ সময়ের টানাপড়েনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম উচ্চপর্যায়ের ভারত সফর এটি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি বৈঠক করেন। আলোচনায় উভয় পক্ষ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে বিভিন্ন মাত্রায় এগিয়ে নেয়ার গুরুত্বের ওপর জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ (সবার আগে বাংলাদেশ) নীতি এবং পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। সেই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। গ্রেফতার ব্যক্তিদের দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও দুই পক্ষ সম্মত হয়েছে। এছাড়া গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঢাকার কাছে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেয়ার পর এই প্রথম দিল্লিতে আলোচনায় বসে তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। দিল্লিতে গতকাল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ আশ্বাস দেন।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভারত সম্প্রতি বাংলাদেশে ডিজেল সরবরাহ করায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশটির মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে ডিজেল ও সারের সরবরাহের পরিমাণ আরো বাড়াতে অনুরোধ করেন। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ ইঙ্গিত দেন যে ভারত সরকার এ অনুরোধ আন্তরিকভাবে এবং ইতিবাচকভাবে বিবেচনা করবে। উভয় পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুগুলোতে নিয়মিত আলোচনার বিষয়েও ঐকমত্য পোষণ করে।
এদিকে দিল্লি সফর শেষে খলিলুর রহমান আজ সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মরিশাসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তারা ৯তম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেবেন।










