জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে অন্তবর্তী সরকার। অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে পদোন্নতি দিয়ে জ্বালানি বিভাগের নতুন সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
অন্যদিকে বর্তমান জ্বালানি সচিব মো. নূরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনপ্রশাসনে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। দায়িত্ব নেয়ার পর পরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় অন্তর্বর্তী সরকার। ১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছিল। কোনো কোনো কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। আবার অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয়।










