পটুয়াখালীতে নিখোঁজের একদিন পর অধ্যাপকের মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০ টায় পায়রা কুঞ্জ নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মনোয়ারা বেগম পটুয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসা শেষে গত ১৮ মার্চ ঢাকা থেকে তার স্বামী ইসাহাক মোল্লার সঙ্গে পটুয়াখালীর নিজ বাসায় আসেন। ১৯ মার্চ বিকালে শহরের সবুজবাগ ২ নম্বর লেনের নিজ বাসা থেকে নিখোঁজ হন মনোয়ারা বেগম। পরে আজ সোমবার ভোর পায়রা কুঞ্জ কালিচন্না খেয়াঘাটের কাছে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা কাছাকাছি নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে তারা এসে মরদেহটি উদ্ধার করে পরিবারকে ফোন করে জানালে পায়রা কুঞ্জ থেকে স্বজনদের উপস্থিতির মধ্যে সদর থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সরকারি হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে মনোয়ারা সুলতানা রুমির মৃত্যু নিয়ে জনমনে নানা গুঞ্জন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলেন পারিবারিক কলহের কারণেই তার মৃত্যু হয়েছে।  এবিষয় পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত ঘটনা উন্মোচন করতে তদন্ত অব্যাহত রয়েছে।