নড়াইলে গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রোববার দিবাগত গভীর রাতে সদর উপজেলার বীড়গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সকালে উজিরপুর বিল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে আসাদুল শেখ (৩৪) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের আব্দুর গফুর শেখের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

এলাকাবাসী জানায়, রোববার গভীর রাতে নড়াইল সদরে বীড়গ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে সাত-আটজনের একটি দল গরু চুরির জন্য হানা দেয়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিত্কার দিলে এলাকাবাসী তাদের (চোর) ধরার জন্য ধাওয়া করে। এ সময় উজিরপুর বিলের মধ্যে দুজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।