ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ গতকাল থেকে যাত্রা করল। পর্যটক এক্সপ্রেস নামে নতুন এ ট্রেনে কোচ রয়েছে ১৬টি, মোট আসন সংখ্যা ৭৮৫, ট্রেনের নম্বর ৮১৫/৮১৬। রোববার ট্রেনটি চলবে না। ওইদিন ট্রেনটির ওয়াটারিং, সার্ভিসিং ও ক্লিনিং করা হবে কক্সবাজারে।
‘পর্যটক এক্সপ্রেস’ প্রতিদিন কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে। চট্টগ্রামে ২৫ মিনিট বিরতি দিয়ে রাত সোয়া ১১টায় ছেড়ে বিরতিহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছবে রাত ৩টা ৫০ মিনিটে। বিমানবন্দর স্টেশনে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৩টা ৫৩ মিনিটে ছেড়ে রাত সাড়ে ৪টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছবে।
অন্যদিকে, ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে গতকাল ভোর সোয়া ৬টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছে ভোর ৬টা ৩৮ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে ভোর ৬টা ৪৩ মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছেছে। এরপর সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছে বেলা ৩টা ২৫ মিনিটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটের প্রথম ট্রেন কক্সবাজার এক্সপ্রেস প্রথম মাসেই লাভের মুখ দেখেছে। গত ১ ডিসেম্বর চালু হওয়া ট্রেনটি ডিসেম্বরে সার্বিক আয় করেছে ৫ কোটি ১১ লাখ ৫৭ হাজার ২৪০ টাকা। ৮ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা যায়।
ওই পত্রে বলা হয়েছে, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলের জন্য সদ্য আমদানি করা নতুন কোরিয়ান কোচ দিয়ে একজোড়া ননস্টপ আন্তঃনগর (পর্যটক এক্সপ্রেস) ট্রেন পরিচালনার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।










