ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে দুইটি ক্যামেরা চুরির ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ক্যামেরা না দেখে বিষয়টি নজরে আসে। ভোটের দিন বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ক্যামেরা সরানো হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বিএনপি'র মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, এ রকম ঘটনা আমি শুনিনি। তবে ভোটের আগের দিন এ ঘটনা কাম্য নয়।
সুন্নী জোট সমর্থীত মোমবাতি প্রতীকের প্রার্থী এস এম শাহজাহান বলেন, ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির মত ঘটনা প্রশাসনের ব্যর্থতার একটি নমুনা। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।
নির্বাচনের আগে ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা খুবই ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন ১১দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
এ ঘটনায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, আমি ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি। আজকের মধ্যেই নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়াতে প্রশাসন কঠোর অবস্থান নেবে।















