ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় বন্যা পরবর্তী ১২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সোমবার (২৩ জুন) সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর উদ্দিন ও বিমান বাহিনীর পক্ষে স্বাগত বক্তব্য দেন খায়রুল বাশার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, র‍্যাব-৭ এর ফেনী অধিনায়ক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও সামরিক-বেসামরিক প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এই প্রকল্পের আওতায় হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে ‘শাহীন ভবন’ নামে একটি চারতলা ভিতবিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটি আসবাবপত্রসহ প্রস্তুত করা হয়েছে। ভবনটি প্রয়োজনে এটি দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে।

প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এর আগে হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি গাছের চারা রোপণ করেন।

সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, ২০২৪ সালে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার সময় বৈরী আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যেও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দুর্গতদের পাশে দাঁড়ান। তারা জরুরি উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরো বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয়, রাস্তা ও অন্যান্য স্থাপনার নির্মাণ ও সংস্কারকাজ শেষ করেছে বিমান বাহিনী। মাঠ পর্যায়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করেছে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, সামরিক ও অসামরিক কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ছয়টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান।