কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুয়াকাটার গঙ্গামতি এলাকায় ৩৩ কানি পয়েন্টে ডলফিনটি ভেসে আসে।
ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে সৈকতে যাওয়ার
পথে ডলফিনটিকে স্থানীয়রা এখানে দেখতে পায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ডলফিনটির
মাথা ও পিটের অংশের ওপরের চামড়া ছোলা ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি ডলফিনটি
জোয়ারে পানিতে ভেসে এসেছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বনিক
বার্তাকে জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনবিভাগকে জানাই। আমাদের সদস্যরা মৃত
ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। চলতি বছরে সৈকতে ভেসে আসা
এটাই প্রথম মৃত ডলফিন।
ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজ ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি, কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।










