বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই যোদ্ধা ছাত্র ও এনসিপি নেতাদের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়। তার মানে এই না লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৭ বছর ধরে আন্দোলন চলছিল। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছিল। জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কী জনসম্মুখে বলতে হবে।

শনিবার (১৯ জুলাই) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয় বিএনপি আপনার পাশে থাকবে। পিআর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পিআর হলো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটর সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ।