স্বাধীনতাবিরোধীরা আন্তর্জাতিক মিডিয়ায় দেশের সুনাম ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, যারা রাজাকার, আলবদর, আলশামস্ নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারাই আন্তর্জাতিক মিডিয়া দিয়ে দেশের উন্নয়নের বিরোধিতা করছে। করোনাকালে বিশ্বের বড় বড় দেশগুলোয় যেখানে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে দেশে কোনো প্রকল্প থেমে নেই। দেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
গতকাল বিকালে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপির কাজই দেশের উন্নয়নের সমালোচনা করা। অথচ বাংলদেশের উন্নয়নকে বিশ্ব স্যালুট জানাচ্ছে। বন্যা, করোনা কোনো কিছুই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারেনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক এমপি মকবুল হোসেন, গাংনীর নবনির্বাচিত পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহীন প্রমুখ।










