নতুন বছরের প্রথম দিন থেকেই খরচ বেড়েছে ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের। ১ জানুয়ারি সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে যাতায়াতকারীদের কাছ থেকে ভারতীয় কর্তৃপক্ষ ২০০-৫০০ রুপি ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) নিচ্ছে।
ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলেশ সাইনির সই করা এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানানো হয়।
নতুন এ সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সামনে ভারতগামী যাত্রী আব্দুর রহিম জানান, নতুন বছরের প্রথম দিনেই ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ট্যাক্স চালু হওয়ায় পাসপোর্টধারী যাত্রীদের আর্থিক চাপ আরো বেড়েছে। এর আগে বাংলাদেশ সরকার দফায় দফায় ট্রাভেল ট্যাক্স বাড়িয়ে সর্বশেষ যাত্রীপ্রতি ১ হাজার টাকা ও পোর্ট ট্যাক্স ৫৬ টাকা নির্ধারণ করে। তার ওপর ভারত সরকার নতুন করে ২০০ রুপি পোর্ট ট্যাক্স আরোপ করায় এটি নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘ভারত থেকে আসা অনেক যাত্রীর কাছ থেকে নতুন করে প্যাসেঞ্জার ইউজার চার্জ আদায় করছে ভারতীয় ল্যান্ড পোর্ট অথরিটি। আমরা যাত্রীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি।’










