কভিড-১৯ রোগটি প্রথম শনাক্ত হয় ২০১৯ সালের ডিসেম্বরে। এরপর খুব দ্রুত তা বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সংক্রমণ রোধে নেয়া নানা বিধিনিষেধের কারণে স্থবির হয়ে পড়ে বিনিয়োগ কার্যক্রম। সে সময় বিশ্বের বেশির ভাগ দেশের মতো পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেয়েছে বাংলাদেশও। তবে প্রতিকূল ওই পরিস্থিতিতে বসে ছিলেন না দেশের বিনিয়োগকারীরা। বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের পাশাপাশি বাস্তবায়নও এগিয়ে নিয়েছেন তারা।

২০২০-২১ অর্থবছরের জন্য বড় আকারের বিনিয়োগ পরিকল্পনা হাতে নেয়া অন্যতম প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ। এ সময়ের মধ্যে গ্রুপটির বিনিয়োগ প্রস্তাব ছিল দুটি খাতে। এগুলো হলো খাদ্যপণ্য ও নির্মাণ উপকরণ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রস্তাবিত প্রকল্পগুলোর মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণ নিবন্ধন যেমন হয়েছে, তেমনি এরই মধ্যে বাস্তবায়ন কার্যক্রমও অনেকটা এগিয়েছে।

দেশে বিনিয়োগ বাস্তবায়নের হারের গতি নিয়ে সন্তুষ্ট বিনিয়োগের পৃষ্ঠপোষক ও প্রচারণার কাজে নিয়োজিত সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। নিবন্ধিত প্রকল্পের ওপর জরিপ চালিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধীনস্থ এ সংস্থাটি। সেখানে দেখা গেছে, দেশে বিনিয়োগ বাস্তবায়নের হার প্রায় ৭১ শতাংশ।

বিডার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কমপ্লায়েন্স উইংয়ের অন্যতম কাজের মধ্যে আছে নিবন্ধিত শিল্প প্রকল্পগুলোর স্থিতির হালনাগাদ সংগ্রহ। এছাড়া বিনিয়োগ বাধা শনাক্ত করে তা দূর করার পদক্ষেপও নেয় সংস্থাটি। তাদের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কমপ্লায়েন্স উইং ২০২০-২১ অর্থবছরে ৩০৪টি প্রকল্পের বাস্তবায়ন অনুসন্ধান করেছে। যার মধ্যে ১৭৮টি স্থানীয় এবং ১২৬টি যৌথ ও শতভাগ বিদেশী বিনিয়োগের প্রকল্প। এ প্রকল্পগুলোর প্রস্তাবিত বিনিয়োগের আকার ছিল ২২ হাজার ৬৩৯ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা। প্রকল্পগুলো এরই মধ্যে ১৬ হাজার ৭২ কোটি ৩৪ লাখ ৬ হাজার টাকার বিনিয়োগ বাস্তবায়ন করেছে। এ হিসেবে প্রস্তাবিত বিনিয়োগের বাস্তবায়ন হার ৭০ দশমিক ৯৯ বা প্রায় ৭১ শতাংশ। প্রকল্পগুলোতে ২ লাখ ১৩ হাজার ১৫৮ জনের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা ছিল। বাস্তবায়নের ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ২১৭ জনের কর্মসংস্থান হয়েছে।

এসব বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বণিক বার্তাকে বলেন, বিনিয়োগ বাস্তবায়ন পরিস্থিতি নজরদারি বিডার কাজের অংশ। তেমনি বিনিয়োগ বাধা শনাক্ত করে তা দূর করার পদক্ষেপ গ্রহণও। আমরা এসব কাজ আরো ত্বরান্বিত করতে নানা উদ্যোগ নিচ্ছি।

জানা গেছে, বিনিয়োগ বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও প্রত্যাশা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসছে বিডা। এ-সংক্রান্ত একটি কর্মশালা আজই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান উদ্বেগ, সাফল্য, পরামর্শ ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হবে, যা পক্ষান্তরে বিনিয়োগ বাস্তবায়ন ও ভবিষ্যৎ পুনর্বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করছেন বিডা-সংশ্লিষ্টরা। আলোচনায় ব্যক্তি খাতের বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আরো থাকবে ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন এমসিসিআই ও ডিসিসিআই, শিল্প খাতভিত্তিক সংগঠন বিসিআই এবং বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআই।