সিরাজগঞ্জের সলঙ্গায় আসামি ধরতে গিয়ে নদীতে ডুবে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। গতকাল সকাল ১০টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রাম এলাকায় সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে।

রেজাউল ইসলাম রায়গঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের তোজাম্মেল হক শাহের ছেলে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের এরানদহ গ্রামে হত্যা মামলার আসামি নাজমুল হাসানকে (৩০) গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল হাসান দৌড় দেন। পুলিশও তার পিছু পিছু দৌড় দেয়। একপর্যায়ে নাজমুল সরস্বতী নদীতে ঝাঁপ দিলে এসআই রেজাউল ইসলামও নদীতে ঝাঁপ দেন। দুজনই নদী পার হওয়ার চেষ্টা করলে এসআই রেজাউল নদীর পানিতে ডুবে যান। খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল আরো জানান, গতকাল বাদ আসর পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়া হবে।

উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুর ইসলাম বাবু বলেন, ‘‌আসামি নাজমুল হাসান সাঁতরে নদী পার হয়েছে নাকি নদীতে ডুবে গেছে, তা নিশ্চিত হতে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম আম্বিয়া জানান, পুলিশের এসআই রেজাউলকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে।