গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়া শিল্পকর্ম ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রকল্পে ধান কাটা শুরু হয়েছে। গতকাল বগুড়ার শেরপুরের বালেন্দা গ্রামে শতবিঘা জমিতে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের উদ্যোগে গত ২৯ জানুয়ারি চারা রোপণ করা হয়। ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় চীন থেকে আনা ডিপ ভায়োলেট রঙের হাইব্রিড ও দেশের ‘জনকরাজ’ নামের ডিপ গ্রিন ধানের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। ৯ মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর দুজন প্রতিনিধি পরিদর্শন করেন, ১৬ মার্চ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ‘লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক (ইমেজ)’ শাখায় নতুন বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়।

গতকাল সকালে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের আয়োজনে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। পরে বিশ্বের সর্ববৃহৎ প্রতিকৃতি ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রকল্পের ধান কাটা উৎসবে মেতে ওঠেন স্থানীয় কৃষক এবং আদিবাসী কৃষাণ-কৃষাণীরা।

বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ধান কাটা উৎসবে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমানসহ নেতারা এ সময় বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল চন্দ্রগুহ, শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান সিআইপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল ইসলাম রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাবসহ স্থানীয় জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও দলীয় সংগঠনের নেতারা।