সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। শনিবার (২৯ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

আটকরা হলেন, মোংলা উপজেলার ফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারী (২৭)। তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নেয়া ছাড়াও অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

কোস্টগার্ড কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ডাকাত আটক করা হয়েছে। আটকদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।