রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর কথিত নৃশংস হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডিতে নিজ বাসা থেকে ডিবির একটি দল তাকে আটক করে। পরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, শাপলা চত্বরের হামলা ও হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, পাবনা জেলার বাসিন্দা আব্দুল জলিল মণ্ডল পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।










