দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ক্ষমতাসীন সরকার ধ্বংস করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের গণতন্ত্রের সংকট-উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সুর একটাই, এ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। শিগগিরই আমাদের আন্দোলন আরো বেগবান হবে। আমরা সব দল একত্রে হতে পেরেছি। কীভাবে এ সরকারকে সরাতে পারি, কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সে লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি।’