অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘বাংলাদেশ সরকারের ২৫টি মন্ত্রণালয় ও বিভাগ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চলতি অর্থবছর ৩৭ হাজার কোটি টাকার বেশি ব্যয় করছে। গ্রিন ইকোনমি লিঙ্গবৈষম্য কমিয়ে নারীদের অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করবে, যা সমাজ ও অর্থনীতিতে নারীদের অবদান তুলে ধরে তাদের কাজের ইতিবাচক পুনর্মূল্যায়নের সুযোগ সৃষ্টি করবে। ২০৩০ সালের মধ্যে জলবায়ু ও লিঙ্গ সম্পর্কিত এসডিজি লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা করতে হবে।’
তিনি গতকাল বিকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে দি এশিয়া ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা বহ্নিশিখার যৌথ আয়োজনে ‘এমপাওয়ারিং উইমেন ফর ক্লাইমেট জাস্টিস’ প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী প্রধান অতিথি এবং সংসদ সদস্য নাহিম রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।









