চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ করেছেন বন্দিরা। তাদের দমন করতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এ সময় কারা অভ্যন্তরে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করেন।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নগরের লালদীঘি পাড় এলাকায় অবস্থিত কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারে বর্তমানে প্রায় পাঁচ হাজার বন্দি আছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর দুইটার দিকে কারা অভ্যন্তরে বন্দিরা বিক্ষোভ শুরু করে। এ সময় পাগলা ঘণ্টা বাজানো হয়। এরপরই তারা গোলাগুলির শব্দ শুনতে পান। বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পান প্রধান ফটকের সামনে উৎসুক সাধারণ মানুষ ও পাশ্ববর্তী ব্যবসায়ীরা। যদিও বিকাল ৪টার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে বলে তারা জানান।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, কিছু বন্দি উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য সর্বোচ্চ পরিমাণ সহনশীলতার মাধ্যমে বন্দিদের স্বাভাবিক করতে চেষ্টা করে কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার পর উৎসুক জনতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই সময় কারারক্ষীরা গুলি ছুড়লে উৎসুক জনতা সরে যায়। গুলি ছোড়ার ঘটনায় ইমন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।