সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোট ও বিপুল পরিমাণ জালসহ ১৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই এলাকা থেকে একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

জব্দ করা জাল ও বোটসহ আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও্ব অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।