বান্দরবানের পাহাড়ে কবর খুঁড়েও ‘জঙ্গি’র মরদেহের সন্ধান পায়নি র‍্যাব। রোববার জেলার রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গম লোআংমুয়ালপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

গ্রেফতারকৃত ‘জঙ্গি’দের দেয়া তথ্যের বরাত দিয়ে র‍্যাব জানায়, পাহাড়ি পরিবেশের খাবার খেতে না পেরে প্রায় ২৫ দিন উপোস থেকে আল আমিন নামে এক ‘জঙ্গি’র মৃত্যু হয়েছে গত ২৫ নভেম্বর। ওইদিনই ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ তথ্যের ভিত্তিতে গত রোববার প্রশাসনসহ র‍্যাবের একটি দল কবর থেকে মরদেহ উদ্ধারে অভিযান চালায়। 

র‍্যাব জানায়, আইনগত প্রক্রিয়া শেষে কবর খোঁড়া হলে সেখানে কোনো মরদেহ মেলেনি। গত ১১ জানুয়ারি পাঁচ ‘জঙ্গি’ গ্রেফতারের ঘটনার পর কোনো এক পক্ষ যেকোনো সময় কবরটি খুঁড়ে মরদেহটি সরিয়েছে বলে ধারণা র‍্যাবের। সূত্র জানায়, কবরের ভেতর বিছানো বাঁশ ও একটি কম্বল পাওয়া গেছে, যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এছাড়া কবরসংলগ্ন একটি চুলা ছিল। চুলার ভেতরে কয়লা ও উপরে পাত্র বসানো ছিল। ওই এলাকায় একটি ট্রাউজার পাওয়া গেছে, যা নিজের ছেলের বলে নিশ্চিত করেছেন মৃত আল আমিনের বাবা মো. নুরুল ইসলাম। একই সঙ্গে কবর এলাকা থেকে আটটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।