নরসিংদীতে হামলার শিকার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন। পুলিশ বলছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার আরশীনগর মোড়ে অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করা হয়। এ সময় তাদের ছিনিয়ে নিতে আনোয়ার হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে এসএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে আট পুলিশ সদস্য সদর উপজেলার পুরানপাড়া এলাকায় একটি মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে যান। সেখান থেকে ফেরার পথে তারা দেখতে পান আরশীনগর মোড়ে কয়েকজন ব্যক্তি ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এ সময় পুলিশ দুজনকে আটক করলে পেছন থেকে কয়েকজন হামলা চালায়।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির বলেন, ‘আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে আঘাতজনিত কারণে রক্ত জমাট বেঁধেছে। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে রেফার করা হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘পুরানপাড়া এলাকা থেকে ফেরার পথে দেখি, কয়েকজন চলন্ত গাড়ি থেকে চাঁদা তুলছে। জিজ্ঞাসা করতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে ৪০-৫০ জন মিলে আমার ওপর হামলা চালায়।’

হামলায় কারা জড়িত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরশীনগর মোড়ের পাশে সিএনজি স্টেশনের ইজারাদারের লোকজনই হামলা চালিয়েছে।’

তবে ইজারাদার আলমগীর হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাকে সরাসরি বললে ভালো হতো। ঘটনাস্থলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হয়তো রোদে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে আহত হয়ে থাকতে পারেন। আমার লোকজন হামলায় জড়িত নয়।’

তিনি আরো বলেন, ‘নরসিংদী পৌর প্রশাসক সাতটি স্থান নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে আরশীনগর মোড় এলাকা রয়েছে। পুলিশের অভিযোগ থাকলে পৌর প্রশাসককে জানাতে পারে। আমাকে হয়রানি করার কোনো অর্থ হয় না।’