আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, ‘নারী-পুরুষ সমঅধিকারের ভিত্তিতে একসঙ্গে কাজ করলেই কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। আমাদের মনে রাখতে হবে, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতিটি পুরুষ ও নারীর সমঅধিকার রয়েছে।’
গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডের টিডিএইচ স্কুলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘পরিবারে পুরুষের ভূমিকা বুট ক্যাম্প ও লার্নিং ক্যাম্প’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী (টঙ্গী জোন) মো. সোহেল রানা, ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হামজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন মঞ্জু মারিয়া পালমা, সিনিয়র ম্যানেজার আরবান প্রোগ্রাম জোয়ান্না ডি রোজারিও, শিশু বিষয়ক সাংবাদিকদের নেটওয়ার্কের সভাপতি সাংবাদিক মাহফুজা জেসমিনসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পে ১১০ জন দম্পতি দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করে। পরিবারে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম উপজীব্য। পারিবারিক ভারসাম্য বজায় রাখতে এবং সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে বাবা-মা দুজনের সমান ভূমিকা থাকে, যা শিশুদের সঠিক বিকাশের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।










