পিরোজপুরের ইন্দুরকানীতে শার্মিলা আকতার মীম নামের এক  কলেজছাত্রীর আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কলেজছাত্রীর বাবা শাহাদাৎ হোসেন রানা বাদী হয়ে শুক্রবার রাতে ইন্দুরকানী থানায় এ মামলা করেন।

অভিযুক্ত বখাটে তানভির আহম্মেদ ও তার সহযোগীসহ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পত্তাশী গ্রামের জনকল্যাণ কলেজে একাদশ শ্রেণীতে পড়ত শার্মিলা আকতার মীম। সে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বখাটে তানভির ও তার সহযোগীরা প্রায়ই উত্ত্যক্ত করত। গত বুধবার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া ও বাড়িতে হামলা করার হুমকি দেয় বখাটেরা। পরের দিনই ওই কলেজছাত্রী তার রুমের  দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলেজছাত্রীর মা রুমা বেগম বলেন, ওরা আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। শুধু ফোনে হুমকি নয়, তাকে ব্ল্যাকমেইল করে তার চরিত্র হননের চেষ্টাও করেছে। এতে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি।

নিহত মিমের বাবা শাহাদৎ হোসেন রাানা বলেন, বখাটে তানভির পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লার ছোট ছেলে। ঘটনার পর থেকে তানভির ও তার বন্ধুরা গা-ঢাকা দিয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।