ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল পীরগঞ্জ উপজেলা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুবাহান ও রুহুল। তারা দুজনই ঠাকুরগাঁও জজ কোর্টের কর্মচারী ছিলেন।নিহত সুবাহান জেলা সদরের আকচা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা ও সালন্দর ইউনিয়নের দেওগাঁ গ্রামের বাসিন্দা রুহুল আমিন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মিরাজ আলী জানান, গতকাল সকাল ৮টায় ঘনকুয়াশার মধ্যে অফিসের কাজে বাড়ি থেকে বের হন আব্দুস সুবাহান ও রুহুল আমিন। মোটরসাইকেলযোগে জেলার পীরগঞ্জ উপজেলা রেলস্টেশন আবাসিক এলাকার প্রবেশ রাস্তা দিয়ে রেললাইন পার হওয়ার সময় তাদের মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান সুবাহান ও রুহুল।










