বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিচার দাবিতে চলমান সব ধরনের কর্মসূচি
আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার
(১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা
দেন বিশ্ববিদ্যালয়টির আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফারদিন আত্মহত্যা করেছে বলে নিজেদের দাবির স্বপক্ষে
বিভিন্ন তথ্য প্রমাণ দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসব দেখার পর প্রশ্ন করার
কোনো ক্লু অবশিষ্ট নেই বলে মনে করছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। সে কারণে ফারদিন
হত্যার বিচার দাবিতে চলমান সব কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।
ডিবির সঙ্গে সাক্ষাৎকারের সময় মূলত পাঁচটি বিষয়ে প্রশ্ন তোলা হয় বলে
জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব প্রশ্নের মোটামুটি সন্তোষজনক উত্তর পেয়েছেন জানিয়ে
সংবাদ সম্মেলনে বলা হয়, ডিবির তদন্তে যা উঠে এসেছে বা তা যে তথ্য উপস্থাপন করেছেন তাতে
সন্দেহ করার মতো আর কিছু নেই।
তবে ফারদিনের পরিবারের যৌক্তিক দাবিতে পাশে দাঁড়াবেন বলে জানান শিক্ষার্থীরা।
তারা বলেন, ভবিষ্যতে যদি নতুন করে কোনো তথ্য আসে তখন বিষয়টি নিয়ে আবারো সরব হবেন তারা।










