বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভিপি নুরের ওপর হামলা একটি বড় ষড়যন্ত্রের অংশ। এ ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, আগামী নির্বাচনের বিরুদ্ধে। যারা নুরকে রক্তাক্ত করেছে তাদের খুঁজে বের করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ঐক্যের মধ্যে সামান্য ফাটলও বিপদ ডেকে আনতে পারে। তখন সুযোগ নেবে ফ্যাসিস্ট শক্তি ও ষড়যন্ত্রকারীরা, যারা দেশের ও জনগণের শত্রু। জুলাই আন্দোলনে সবাই একসঙ্গে ঐক্যের জায়গায় ছিলাম। সেই ঐক্য আরো সুদৃঢ় করে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, আজ আওয়ামী লীগ বসে নেই। পাচার করা হাজার হাজার কোটি টাকা দিয়ে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ বপন করছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।

বিএনপির এ নেতা বলেন, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। জুলাই আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, সবাই মিলে দেশ গড়তে হবে। জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে হবে।

এ্যানি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার-নির্যাতন চালিয়েছে, তা ভুলে যাওয়ার নয়। হাসিনার অত্যাচার দেশের স্বাভাবিক রাজনীতি ধ্বংস করেছে। রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। গুম-খুনসহ নানা নির্যাতন চালানো হয়েছে। সবশেষ জুলাই আন্দোলনে সাধারণ মানুষের ওপর গুলি চালানো হয়েছে। এতকিছুর পরও রাজনৈতিক দলগুলো ঐক্যের জায়গায় আছে কি না সে প্রশ্নও তোলেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি আবদুল করিম ভূঁইয়া মিজান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম। বিশেষ অতিথি ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ অনেকে।