৫৪ বছরে দেশের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে উত্তরবঙ্গে দুইদিনের নির্বাচনী সফর শুরুর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশ চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। দেশের লাভ যে কিছুই হয়নি তা বলব না, তবে লাভের চেয়ে ক্ষতি হয়েছে অনেক বেশি। বিশেষ করে দেশের সবগুলো সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এবং জাতির ঘাড়ে বিপুল পরিমাণ ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া হয়েছে। আগামীতে যারাই সরকারে আসি, এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ।
তিনি আরো বলেন, যুবসমাজ এখনো বেকারত্বে দারুণভাবে ভুগছে। কর্মক্ষেত্রে কর্মীবান্ধব পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। চলাফেরা ও কর্মস্থলে মা-বোনদের জন্য এখনো আমাদের সমাজ কোনো নিরাপত্তা বিধান করতে পারেনি। এ সব চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। এগুলো আমাদের মোকাবেলা করতে হবে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে।
জামায়াত আমির বলেন, আমরা জাতির কাছে বার্তা দিতে চাই, প্রথমত দেশের স্বার্থে একটি জায়গায় সবার ঐক্যবদ্ধ থাকা উচিৎ। আর দ্বিতীয়ত, পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। জনগণ যাদের নিজের ভোট দিয়ে গ্রহণ করে নেবে, আমাদের উচিৎ তাদের প্রতি শ্রদ্ধা দেখানো।
তিনি আরো বলেন, ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার কোনো অসৎ উদ্দেশ্য থেকে সবার বিরত থাকা উচিৎ। রাষ্ট্রের কোনো পর্যায়ের কারো এতে সংপৃক্ত হওয়া উচিৎ নয়।
এ সময় গণভোটের 'হ্যাঁ' ভোট দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।















