ময়মনসিংহের ভালুকায় একটি গরুর জন্য মেয়ের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা প্রায় নয়টায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় এই ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শফিকুল ইসলামের বাসা থেকে মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোরপূর্বক গরু নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম তাদের বাধা দেন। এতে তার মেয়ে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে নিয়ে শফিকুল ইসলামকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন শফিকুল ইসলামকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাত সাড়ে ১১টার সময় কতর্ব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মেয়ে শরিফা, ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মেয়ে শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










