প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে আরো বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন কোবোস।

কোবোস জানান, এক্সিলারেট এনার্জি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের পরিসর আরো বাড়াতে চায়। একই সঙ্গে সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করারও পরিকল্পনা রয়েছে তাদের। বর্তমানে কোম্পানিটি বাংলাদেশে দুটি অফশোর ফ্লোটিং স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ করেছে। এর মাধ্যমে দেশের দৈনিক গ্যাস সরবরাহের ৩৪ শতাংশ নিশ্চিত করা হয়।

সাক্ষাতে কোবোস আরো বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের পর বাংলাদেশে ব্যবসায়িক আস্থা বেড়েছে।

বাংলাদেশে এলএনজির সুষ্ঠু সরবরাহ এবং ডিকার্বোনাইজেশন প্রক্রিয়ায় এক্সিলারেট এনার্জি আরো বিনিয়োগ করার পরিকল্পনা করেছে বলেও জানান কোবোস।