লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শামসুল হক সরকারি গাড়ি ও চালককে সঙ্গে নিয়ে পাঁচদিন ধরে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে ওই হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আফসানা আফরোজের দাবি ডা. মোহাম্মদ শামসুল হক ১০ এপ্রিল থেকে তিনদিনের ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছেন। তিনি ছুটিতে থাকলেও সরকারি বিধিবহির্ভূতভাবে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি জিপ গাড়িটি এবং ওই গাড়ির চালককে সঙ্গে নিয়ে যান।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা হোসেন চৌধুরী জানান, ১০ এপ্রিল মাননীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সঙ্গে সমন্বয় সভা শেষ করেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শামসুল হক স্যার ঢাকার উদ্দেশে রওনা দেন।
পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির চালক রুবেল হোসেনের কাছে ঢাকায় যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘স্যার আমাকে যেখানে যেতে বলবেন আমি তো সেখানেই যেতে বাধ্য। স্যার আমাকে নিয়ে এসেছেন।’










