ভোলায় চোরের জন্য পেতে রাখা বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়ে আবু সায়েদ (৬৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজি গাছারীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকালে নাশতা করে আবু সাঈদ পুর্বের চর হোসেন বিলে ঘাস কাটতে যান। যাওয়ার পথেই একটি মাছের ঘেরের চারপাশে পেতে রাখা বিদ্যুতায়িত ফাঁদে আটকে গিয়ে আবু সাঈদ ঘটনাস্থলেই মারা যান।

দীর্ঘদিন ধরে ওই মাছের ঘেরটিতে আবুল কালাম, মো. মহসিন, রিপনসহ স্থানীয় কয়েকজন মিলে মাছ চাষ করে আসছিলেন। রাতে চোরের উপদ্রব থেকে বাঁচতে ঘেরের চারপাশে লোহার তার দিয়ে ঘিরে দেয়া হয়। রাত হলেই চোর ধরার ফাঁদ হিসেবে সেটিকে বিদ্যুতায়িত করে রাখা হয়। আবার সকালে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। কিন্তু গতকাল সকাল পৌনে ৮টা বাজলেও সংযোগটি বিচ্ছিন্ন না করায় ওই ফাঁদে পড়েই কৃষক আবু সাঈদের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই ঘেরের মালিক আবুল কালাম পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর থানার ভেলুমিয়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মাইনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে কৃষকের মরদেহ উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ভোলা পল্লী বিদ্যৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আলতাপ হোসেন বলেন, এ ধরনের বিদ্যুতায়িত ফাঁদ অবৈধ। কোনো গ্রাহকের এ ধরনের ফাঁদ পাতার অনুমোদন নেই।