নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছোটফেনী নদীর অংশে গত শনিবার সকালে নিখোঁজ হওয়া তিন দর্শনার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। শনিবার বিকালে ও আজ রোববার সকালে উপজেলার মুছাপুর ক্লোজার এলাকায় মরদেহগুলো উদ্ধার করে। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

নিহতরা হলেন, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৫), মৃত জয়নাল আবেদীনের নজরুল ইসলাম স্বপন (২০) ও একই গ্রামের মো. শাহ আলমের ছেলে মেহেদী হাসান। তিনি কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনীর দাগনভুঞা এলাকা থেকে ২৩জন দর্শনার্থী শনিবার সকালে ঘুরতে আসেন মুছাপুর ক্লোজারে। পরে তাদের মধ্যে ৭জন ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীর অংশে মাছ ধরতে নামেন। এক পর্যায়ে হঠাৎ জোয়ার এলে তারা পানিতে তলিয়ে যান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিয়ন স্থানীয়দের সঙ্গে নিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করে। পরে শনিবার বিকাল ৪টার দিকে নজরুল ইসলাম স্বপনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা রাত পর্যন্ত চেষ্টা করলেও তাদের উদ্ধার করতে পারেনি। পরে আজ সকাল ৭টার দিকে প্রথমে আনোয়ার হোসেন এবং বেলা ১২টার দিকে মেহেদী হাসানের মরদেহ ভেসে ওঠে। 

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া বলেন, বেলা ১২টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। এর মধ্যে শনিবার বিকাল ও আজ দুই দফায় তিনটি মরদেহ উদ্ধার করা হলে উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়। পরে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।