বিনা অনুমতিতে অন্য প্রতিষ্ঠানে চাকরি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আশরাফ-উজ-জামান সরকারকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবিরকে পিএইচডি অভিসন্দর্ভে চৌর্যবৃত্তির দায়ে পদাবনতি দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সহকারী অধ্যাপক আশরাফ-উজ-জামান সরকারের বিরুদ্ধে ঢাকাস্থ একটি দূতাবাসে বিনা অনুমতিতে পূর্ণকালীন চাকরি করার অভিযোগের ভিত্তিতে গঠিত ট্রাইব্যুনাল আনীত অভিযোগের সত্যতা পায়। পরে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকের একই সময়ে দুই কর্মস্থলে পূর্ণকালীন চাকরি করা শাস্তিযোগ্য অপরাধ এবং চাকরির বিধিবিধান, শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবিরকে পিএইচডি থিসিস নকল ও জালিয়াতিসহ গর্হিত ও চাকরি বিধি পরিপন্থী কাজ করার অপরাধে ট্রাইব্যুনালের সুপারিশের প্রেক্ষিতে তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি করা হয়।










