ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ডাকাতি করতে গিয়ে শিক্ষককে হত্যার দায়ে দুই ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার গতকাল দুপুরে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন গফরগাঁওয়ের বাশিয়া গ্রামের সাফত আলীর দুই ছেলে আব্দুর রশিদ (৪৫) ও আব্দুর রাশিদ (৪৮), রজব আলীর ছেলে আবুল বাসার (৪৭), সেকান্দার আলীর ছেলে মো. জিন্নাহ (৭০) এবং সিরাজ উদ্দিনের ছেলে মো. রাসেল (৪৬)।
কোর্ট ইন্সপেক্টর জুটন কুমার জানান, উপজেলার বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে আসামিদের বিরোধ ছিল। সেই জেরে ২০১২ সালের ১৯ এপ্রিল রাতে বাড়িতে হামলা চালিয়ে ওই শিক্ষককে হত্যা করেন আসামিরা।
পরিকল্পনা অনুযায়ী, ২০১২ সালের ১৯ এপ্রিল রাতে শিক্ষক মাহবুবুল আলমের বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেন আসামিরা। এ ঘটনার দুদিন পর নিহত শিক্ষক মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় করেন। পুলিশ ২০১৩ সালের ১৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচ আসামিকে হত্যা মামলায় যাবজ্জীবন ও রাতের আঁধারে বাড়িঘরে হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। দুই মামলার সাজা একসঙ্গে চলবে।










