ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে একে একে দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল ভোরে কুমিল্লা-সিলেট বাইপাস মহাসড়কে বিজিএফএলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন।
স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি স্কুল অ্যান্ড কলেজের ফটকের পাশের রাস্তা ভাঙা। এ কারণে সিলিন্ডার বোঝাই ট্রাকটি অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ট্রাকটিতে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণে ট্রাকটি পুড়ে যায়।
গাজী তানভীর নামে আরেক বাসিন্দা জানান, বড় বড় গর্ত থাকায় আশুগঞ্জ-আগরতলা ফোর লেনের জায়গাটিতে প্রায়ই গাড়ি উল্টে যায়। মধ্যরাতের দুর্ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তার উন্নয়নকাজ চলাকালীন বিকল্প রাস্তা ঠিক রাখাও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অংশ। এ জায়গাটিতে তারা শতভাগ গাফিলতি করছে।
সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, প্রতিটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওপরের দিকে ওঠে যায়। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।










