নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ধুলিয়া গ্রামের রুবেল মিয়ার ছেলে আহাদ এবং একই গ্রামের পিয়াসের ছেলে আবদুল্লাহ। তাদের দুইজনেরই বয়স তিন বছর। নিহতরা একে অন্যের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরের দিকে বাড়ির পাশে আহাদ ও আবদুল্লাহ খেলা করছিল। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে জিয়াউর রহমানের ডোবার পানিতে হঠাৎ দুইজনই পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে ডোবার পানি থেকে উদ্ধার করে। পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুজনের মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।