মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভিজিএফের ৪০০ কেজি চাল জব্দ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের নেতৃত্বে আজ বুধবার বিকেল ৪ টার দিকে মোনাখালী ইউনিয়নের শিবপুর থেকে এসব চাল জব্দ করা হয়। জব্দকৃত চালগুলো ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে একটি ভ্যানে করে সাড়ে ৫ বস্তা চাল (প্রতি বস্তায় ৭৫ কেজি করে) যেতে দেখে সন্দেহ হয়। এসময় ভ্যানটিকে আটকিয়ে চালককে জিজ্ঞাসা করলে তিনি জানান, মোনাখালী ইউনিয়ন পরিষদ থেকে ৫ নম্বর ওয়ার্ড মেম্বর মোমিনের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে চেয়ারম্যান মফিজুর রহমান ও সচিব রাশিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। এসময় স্থানীয়রা চেয়ারম্যান ও সচিবকে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল, পিআইও নাহিদা আকতার ঘটনাস্থলে যান। সেখান থেকে চেয়ারম্যান ও সচিবকে উদ্ধার করা হয়। একই সঙ্গে চালগুলো জব্দ করে ইউনিয়নের পরিষদের জিম্মায় রাখার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা সুজন সরকার। 

অভিযুক্ত ওয়ার্ড সদস্য মোমিন উদ্দিন বলেন, আমার ৫ নম্বর ওয়ার্ডের ৩০ জন সুবিধাভোগী চাল নেননি। সেই চাল তাদের দেয়ার জন্য বাড়িতে নেয়া হচ্ছিলো। এ বিষয়ে চেয়ারম্যান ও সচিব অবগত ছিলেন। তবে চেয়ারম্যান মফিজুর রহমান জানান, এ চালের বিষয়ে তাকে অবহিত করা হয়নি।

নির্বাহী কর্মকর্তা সুজন সরকার বলেন, প্রাথমিকভাবে চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। চালগুলো ইউনিয়ন পরিষদ থেকে একটি ভ্যানে করে প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোমিন উদ্দিনের বাড়িতে নেয়া হচ্ছিল।