পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধারান্দী গ্রামে সড়ক সম্প্রসারণ কাজ চলছে। দেড় কিলোমিটারের বেশি সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ টাকা। কাজটি পেয়েছে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে অভিযোগ রয়েছে, নিম্নমানের উপকরণ দিয়ে করা হচ্ছে সংস্কারকাজ।

কাজের তদারকিতে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাইনবোর্ডে আমার নাম থাকলেও আমি মূলত কাজের সঙ্গে এখন আর নেই। এক বছর আগে এখান থেকে আমাকে বদলি করে দেয়। তবে কিছুদিন আগে আবারো এখানে যোগদান করেছি। বদলির আগে আমি এটার দায়িত্বে ছিলাম।’

এলজিইডি সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৭২৫ মিটার সড়কের কাজ পায় মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স। শুরু থেকেই কাজটির তদারকি কর্মকর্তা ছিলেন মো. শহিদুল ইসলাম। সড়কের দুই পাশে অধিকাংশ স্থানে পর্যাপ্ত গাইডওয়াল দেয়ার কথা থাকলেও কিছু জায়গায় দেয়া হয়নি। প্যালাসাইডিং পোস্টের মানও খারাপ। সব স্থানে কাজের মান একই রকম নয়। মানা হয়নি কাজের সঠিক পদ্ধতি।

স্থানীয় বাসিন্দা কালাম চৌকিদার বলেন, ‘কাজ দুদিন করে তো তিনদিন করে না। যেভাবে কাজ করছে, তাতে এক বছরের মধ্যেই সড়কটি ভেঙে যাবে।’

সরজমিনে দেখা গেছে, আগে ব্যবহৃত ইটের সঙ্গে নিম্নমানের ইট দিয়ে খোয়া তৈরি করে রাস্তায় বিছানো হয়েছে। দৃশ্যমান গাইডওয়ালের কোথাও উঁচু, কোথাও নিচু। নিম্নমানের উপকরণে তৈরি প্যালাসাইডিং পোস্টের কোনো সূচালো মাথা নেই। মাটি কেটে গর্ত করে প্যালাসাইডিং পোস্ট বসানো হয়েছে, যা অল্প কিছুদিনের মধ্যেই ধসে পড়বে। কার্যাদেশের পর দ্রুতগতিতে বেশ কয়েক মাস কাজ চললেও ৫ আগস্টের পর কিছুদিন বন্ধ ছিল। রোজার মধ্যে ধীরগতিতে কাজ চলমান ছিল। তবে বর্তমানে কাজটি বন্ধ রয়েছে।

এ ব্যাপারে পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ‘দরপত্রে উল্লেখ করা কোটেশনের বাইরে কোনো কাজ হয়ে থাকলে সেগুলো আমরা বাতিল করব। ওসব কাজ আমরা নেব না। আগামী সপ্তাহে প্রকল্প এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। অনিয়মের সঙ্গে আমাদের কোনো কর্মকর্তা যদি জড়িত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’