অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন অধীনস্থ দফতর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ রোববার (১১ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান। পরে অ্যালোকেশন অফ বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। 

ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলম, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসক ড. মো. গোলাম কবীরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।